পদ্মার চরে আবারও ধরা পড়ল রাসেলস ভাইপার, জীবিত উদ্ধার করে বন বিভাগে হস্তান্তর

বি.এম খোরশেদ, মানিকগঞ্জ প্রকাশিত: জুন ৩০, ২০২৬, ০৪:০৬ পিএম

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার পদ্মা নদীর চরাঞ্চল থেকে আবারও একটি জীবিত রাসেলস ভাইপার (চন্দ্রবোড়া) সাপ উদ্ধার করা হয়েছে। মাছ ধরার জালে ধরা পড়া সাপটিকে না মেরে নিরাপদে সংরক্ষণ করেন এক জেলে। পরে সেটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। মঙ্গলবার ভোরে উপজেলার হারুকান্দি চর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আন্ধারমানিক এলাকার জেলে সুজন মিয়া সোমবার রাতে পদ্মা নদীতে মাছ ধরার জন্য জাল পেতে রাখেন। মঙ্গলবার ভোরে জাল তুলতে গিয়ে তিনি জালের ভেতর একটি জীবিত রাসেলস ভাইপার দেখতে পান। পরে সাপটিকে না মেরে কৌশলে একটি নেটের ব্যাগের ভেতর নিরাপদে বন্দি করে আন্ধারমানিক খেয়াঘাটে নিয়ে আসেন।

জেলে সুজন মিয়া বলেন, "সাপটি না মেরে ধরে এনেছি। যদি এটি দেশের কোনো গবেষণার কাজে লাগে, সেই চিন্তা থেকেই মেরে না ফেলে জীবিত সংরক্ষণ করেছি।"

এদিকে জীবিত রাসেলস ভাইপার ধরা পড়ার খবর ছড়িয়ে পড়লে খেয়াঘাটে উৎসুক মানুষের ভিড় জমে। পরে স্থানীয়রা বিষয়টি উপজেলা প্রশাসনকে জানালে বন বিভাগ ঘটনাস্থলে পৌঁছে সাপটি উদ্ধার করে।

হরিরামপুর উপজেলা বন কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, ‘স্নেক রেসকিউ টিম বাংলাদেশ’-এর সহযোগিতায় সাপটি উদ্ধার করা হয়েছে। জীবিত অবস্থায় পাওয়ায় সেটি বন বিভাগের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে পরবর্তীতে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, সম্প্রতি হরিরামপুর উপজেলার পদ্মার চরাঞ্চলে একাধিকবার রাসেলস ভাইপারের দেখা মিলেছে। এতে চরাঞ্চলের বাসিন্দাদের মধ্যে কিছুটা আতঙ্ক ও সতর্কতা বেড়েছে। তবে বন্যপ্রাণী বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের বিষধর সাপ দেখলে আতঙ্কিত না হয়ে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে এবং দ্রুত বন বিভাগ বা প্রশিক্ষিত উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ করাই সবচেয়ে নিরাপদ উপায়।

জেএইচআর