পটুয়াখালীর দুমকি উপজেলায় একটি সন্দেহভাজন পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার সকাল ৯টা থেকে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে পথচারী ও শিশুদের ওপর হামলা চালায় একটি কালো-সাদা রঙের কুকুর। কুকুরটি এখনো ধরা না পড়ায় পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
আহতদের মধ্যে পাঁচ বছরের শিশু আরাবী ও তাইবা, ছয় বছরের জিদান, আট বছরের মুবিন এবং ৯ ও ১১ বছরের মুরসালিন ও নিঝুমসহ মোট ১০ জন রয়েছেন। আক্রান্তদের সিংহভাগই শিশু।
আহতদের তাৎক্ষণিকভাবে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে জরুরি চিকিৎসা ও জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন দেওয়া হয়েছে। এর মধ্যে গুরুতর আহত ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
দুমকি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর শহীদুল ইসলাম শাহীন জানান, হাসপাতালে আসা রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা ও জলাতঙ্ক প্রতিরোধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সাথে প্রাণিসম্পদ বিভাগকে দ্রুত কুকুরটি নিয়ন্ত্রণে আনার জন্য অনুরোধ করা হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আশিক হাজরা জানিয়েছেন, বিষয়টি ইতিমধ্যে উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। দ্রুত কুকুরটিকে শনাক্ত করে নিয়ন্ত্রণে আনার জন্য সমন্বিত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এদিকে জননিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় বাসিন্দারা দ্রুত এই পাগলা কুকুরটিকে আটক বা নিস্তেজ করার জোর দাবি জানিয়েছেন।
জেএইচআর