রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

রাকিবুল হাসান, রাজশাহী প্রকাশিত: জুন ৩০, ২০২৬, ০৪:৪১ পিএম

রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানা এলাকার হাজরা পুকুর পাড় রেলওয়ে স্টেশন মাঠের উত্তর পাশের একটি স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫। 

মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রিমা থানাধীন ওই এলাকায় এই অভিযান চালানো হয়।

র‍্যাব-৫ সূত্রে জানা গেছে, আজ সকাল আনুমানিক ৯টার দিকে চন্দ্রিমা থানাধীন ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।

র‍্যাব জানায়, উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদের মালিকানা সম্পর্কে স্থানীয়দের কাছ থেকে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তবে কয়েকজনের ধারণা, অস্ত্রগুলো পার্শ্ববর্তী দেশ থেকে সংগ্রহ করা হয়ে থাকতে পারে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা অস্ত্রগুলো ফেলে পালিয়ে যায়।

র‍্যাব-৫ আরও জানায়, উদ্ধার হওয়া বিদেশি পিস্তল ও ম্যাগাজিন কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হয়েছে কি না, তা গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে অস্ত্রের প্রকৃত মালিক ও এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে র‍্যাব-৫।

জেএইচআর