তালায় বাসের চাপায় স্কুলছাত্র নিহত, শিক্ষক বাবা আহত

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ০২:৪১ পিএম

সাতক্ষীরার তালা উপজেলার শাহপুর বাজার এলাকায় বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কুশল সরকার (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এই দুর্ঘটনায় মোটরসাইকেল চালক ও নিহতের বাবা কানাই লাল সরকার গুরুতর আহত হয়েছেন।

বুধবার সকাল ৯টার দিকে খুলনা-পাইকগাছা মহাসড়কের শাহপুর বাজার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত কুশল সরকার তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। তার বাবা কানাই লাল সরকার কানাইদাহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। তাঁদের গ্রামের বাড়ি উপজেলার খলিলনগর ইউনিয়নের সরকারপাড়ায় হলেও, চাকরির সুবাদে কুশলের বাবা-মা চুকনগরে বসবাস করেন। তাঁর মা-ও পেশায় একজন শিক্ষক।

স্থানীয় বাসিন্দা আব্দুর সবুর জানান, সকালে কানাই লাল সরকার মোটরসাইকেলে করে ছেলে কুশলকে নিয়ে চুকনগর থেকে তালায় স্কুলে আসছিলেন। পথে শাহপুর বাজার এলাকায় পৌঁছালে পাইকগাছা থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি বাস (খুলনা মেট্রো-জ-০৫-০০৪৯) তাঁদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে কুশল বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। একই সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আহত হন তার বাবা কানাই লাল সরকার।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সাখাওয়াত হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতক বাসটিকে আটক করার প্রক্রিয়া চলছে এবং এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জেএইচআর