সীমান্ত রক্ষায় সর্বদাই তৎপর ৩১ বিজিবি

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ০২:৪৯ পিএম

নেত্রকোণার সীমান্তে শুধু পুশ-ইন আর চোরাকারবারি ঠেকানোই নয়, সার্বিক সীমান্ত রক্ষায় সর্বদাই তৎপর রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৩১ ব্যাটালিয়ন।

বুধবার দুর্গাপুর উপজেলার মাধুপাড়া বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) ক্যাম্পে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নেত্রকোণা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী এই কথা বলেন।

অধিনায়ক জানান, ৩১ বিজিবির দ্বায়িত্বপ্রাপ্ত সীমান্তবর্তী ৯২ কিলোমিটার এলাকার দুর্বল ও ঝুঁকিপূর্ণ জায়গাগুলো চিহ্নিত করে ২৪ ঘণ্টা পেট্রোল ডিউটির (টহল) ব্যাবস্থা করা হয়েছে। এ কাজে স্থানীয় গ্রামবাসী, বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং আনসার-ভিডিপির সদস্যরা বিজিবিকে সর্বাত্মক সহযোগিতা করছেন। বিজিবির নিজস্ব সার্ভাইব্যাল সিস্টেমের অংশ হিসেবে সিসি ক্যামেরা, মেগাফোন, বাঁশি ও শক্তিশালী টর্চলাইটের মাধ্যমে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীকে (বিএসএফ) সীমান্তে ৩১ বিজিবির সার্বক্ষণিক উপস্থিতির বার্তা দেওয়া হচ্ছে।

বিএসএফের পুশ-ইনের (অনুপ্রবেশ) চেষ্টা প্রসঙ্গে তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, গত কয়েকদিন ধরে পাতলা বন সীমান্তের ওপারে সীতারাম বালি স্কুল প্রাঙ্গণে ১০ থেকে ১৫ জন বাংলাভাষী মানুষকে জড়ো করে পুশ-ইনের চেষ্টা চালাচ্ছিল বিএসএফ। তবে সীমান্তে বিজিবির শক্ত অবস্থানের কারণে তাদের সেই অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ হয় এবং পরবর্তীতে বিএসএফ তাদের অন্য স্থানে সরিয়ে নিতে বাধ্য হয়।

চোরাচালান বন্ধের বিষয়ে অপর এক প্রশ্নের জবাবে অধিনায়ক বলেন, চোরাচালান প্রতিরোধে সীমান্তে ৩১ বিজিবির জোরালো নজরদারি রয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ৬ মাসে সীমান্ত এলাকা থেকে প্রায় ৬ কোটি টাকার চোরাচালানকৃত মালামাল জব্দ করতে সক্ষম হয়েছে ৩১ বিজিবি।

জেএইচআর