ভেড়ামারায় বিশেষ ট্যাংকিসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

হেলাল মজুমদার, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ০৪:৪৭ পিএম

কুষ্টিয়ার ভেড়ামারা থানা পুলিশের বিশেষ অভিযানে ১৩৪ বোতল এসকাফ সিরাপ, ৪ কেজি গাঁজা এবং মাদক পাচারের উদ্দেশ্যে বিশেষভাবে তৈরি দুটি মোটরসাইকেলের তেলের ট্যাংকিসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। 

বুধবার ভোর ৪টা ৪০ মিনিটের সময় ভেড়ামারা থানাধীন কাজীহাটা (কলোনীপাড়া) গ্রামে এই সফল অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- কাজীহাটা গ্রামের ওলিল মন্ডলের ছেলে মাহাবুল মন্ডল (৩০) এবং একই এলাকার মৃত খলিল মন্ডলের ছেলে হাবু (৪২)।

পুলিশ সূত্রে জানা গেছে, কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনের সার্বিক দিক-নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে এই অভিযানের পরিকল্পনা করা হয়। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমানের সরাসরি তত্ত্বাবধানে এসআই খান মাইদুল ইসলাম রাজিবসহ পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে কাজীহাটা গ্রামে আসামি হাবুর বসত বাড়িতে হানা দেন।

অভিযানকালে হাবুর বসত বাড়ির পশ্চিম পাশের কক্ষ তল্লাশি করে লুকিয়ে রাখা ১৩৪ বোতল নিষিদ্ধ এসকাফ সিরাপ ও ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সাথে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত অভিনব কায়দায় তৈরি দুটি মোটরসাইকেলের তেলের ট্যাংকি জব্দ করে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রেখে এই অভিযান চালানো হয়েছে। এলাকায় মাদক নির্মূল না হওয়া পর্যন্ত পুলিশের এই কঠোর চিরুনি অভিযান অব্যাহত থাকবে।

জেএইচআর