চট্টগ্রামের পটিয়ায় একটি কবরস্থান থেকে অচেতন অবস্থায় উদ্ধার হওয়া অজ্ঞাতপরিচয় এক নারীর (প্রায় ২৮) মৃত্যু হয়েছে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার প্রকৃত কারণ নিয়ে রহস্য তৈরি হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ল্যাংগার দোকানসংলগ্ন কবরস্থান থেকে ওই নারীকে উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, কবরস্থানে নারীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। এ সময় ঘটনাস্থল থেকে একটি বিষের বোতলও উদ্ধার করা হয়। তবে এটি বিষপানে আত্মহত্যার ঘটনা, নাকি অন্য কোনো অপরাধের সঙ্গে জড়িত-তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
পটিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তৈয়ব জানান, প্রাথমিক পরীক্ষায় ওই নারীর শরীরে বিষক্রিয়ার কোনো সুস্পষ্ট আলামত পাওয়া যায়নি। তবে তার মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। পাশে বিষের বোতল পাওয়া গেলেও শরীরে বিষক্রিয়ার লক্ষণ না থাকায় বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা প্রয়োজন।
পটিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সমীর ভট্টাচার্য্য বলেন, এটি বিষপানে আত্মহত্যা, নাকি ধর্ষণের পর হত্যা অথবা অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
প্রতিবেদন লেখা পর্যন্ত ওই নারীর পরিচয় শনাক্ত করা যায়নি। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।
এম জি