শিশুদের শারীরিক সুস্থতা, মানসিক বিকাশ ও সৃজনশীলতা বৃদ্ধির লক্ষ্যে ময়মনসিংহ সদর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) ময়মনসিংহ জেলা পরিষদের ব্রহ্মপুত্র হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকদের হাতে এসব ক্রীড়া সামগ্রী তুলে দেন ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল ইসলাম, কোতোয়ালি থানা বিএনপির আহ্বায়ক মো. হেলাল উদ্দিন হেলাল, শিক্ষা বিভাগের কর্মকর্তা, বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা এবং আমন্ত্রিত অতিথিরা।
প্রধান অতিথির বক্তব্যে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, সুবিধাবঞ্চিত মানুষের পাশে সরকারের বিশেষ দৃষ্টি রয়েছে। একই সঙ্গে একটি শিশুর সুষ্ঠু বিকাশে পাঠ্যবইয়ের পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা শিশুদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি, মানসিক দৃঢ়তা, শৃঙ্খলা, নেতৃত্ব ও দলগত কাজের মানসিকতা গড়ে তোলে।
তিনি বলেন, সরকার শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসারে গুরুত্ব দিচ্ছে। প্রাথমিক বিদ্যালয় থেকেই শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে প্রয়োজনীয় ক্রীড়া উপকরণ নিশ্চিত করা হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ আরও বিস্তৃত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সভাপতির বক্তব্যে ইউএনও মো. আরিফুল ইসলাম বলেন, বিদ্যালয়ভিত্তিক ক্রীড়া কার্যক্রম আরও গতিশীল করতে হবে। আনন্দময় শিক্ষার পরিবেশ গড়ে তুলতে সহশিক্ষা কার্যক্রমের কোনো বিকল্প নেই। তিনি শিক্ষকদের নিয়মিত খেলাধুলায় শিক্ষার্থীদের সম্পৃক্ত করার আহ্বান জানান।
কোতোয়ালি থানা বিএনপির আহ্বায়ক মো. হেলাল উদ্দিন হেলাল বলেন, শিশুরাই দেশের ভবিষ্যৎ। তাদের শিক্ষা, খেলাধুলা ও নৈতিক মূল্যবোধের সমন্বিত বিকাশ নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠান শেষে ময়মনসিংহ সদরের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের হাতে ফুটবল, ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টনসহ বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়। শিক্ষকরা এ উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।
এম জি