বরিশালে সাবেক জেলা প্রশাসকের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

বরিশাল প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২, ২০২৬, ০৬:৩৪ পিএম

বরিশালের সাবেক জেলা প্রশাসক খায়রুল আলম সুমনের বিরুদ্ধে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেছেন একদল দুস্থ ও সুবিধাবঞ্চিত নারী-পুরুষ।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঝাড়ু হাতে বিক্ষোভ করেন তারা। এ সময় বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দেন। তাদের অভিযোগ, কীর্তনখোলা নদীভাঙনে ক্ষতিগ্রস্ত হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে জেলা প্রশাসনের কাছে সহায়তা চেয়ে কোনো সহযোগিতা পাননি।

বিক্ষোভকারীদের দাবি, তারা বারবার জেলা প্রশাসকের কাছে গেলেও তাদের অভিযোগ শোনা হয়নি। বরং বিভিন্ন সময় ফিরিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে তারা সাবেক জেলা প্রশাসকের বিরুদ্ধে ওঠা আর্থিক অনিয়মের অভিযোগের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

বিক্ষোভ চলাকালে সাবেক জেলা প্রশাসক খায়রুল আলম সুমন জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান করছিলেন। পরে তিনি কার্যালয় ত্যাগ করেন। এ সময় প্রশাসনের পক্ষ থেকে কার্যালয়ে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।

উল্লেখ্য, সাবেক জেলা প্রশাসক খায়রুল আলম সুমনের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। তবে এ অভিযোগের বিষয়ে কোনো বিচারিক বা সরকারি তদন্তের চূড়ান্ত সিদ্ধান্ত এখনো প্রকাশিত হয়নি। তাই অভিযোগগুলো প্রমাণিত নয়।

এম জি