ডুয়েটের সঙ্গে ইউজিসির সমঝোতা স্মারক স্বাক্ষর

গাজীপুর প্রতিনিধি প্রকাশিত: জুলাই ৩, ২০২৬, ০৫:৪১ পিএম

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর মধ্যে ১৪ তলা বিশিষ্ট একটি আধুনিক আবাসিক ভবন নির্মাণের লক্ষ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। ইউজিসির কর্মকর্তা-কর্মচারীদের আবাসন সংকট নিরসনে এই প্রকল্পটির ধারণাপত্র, বিস্তারিত প্রকল্প প্রস্তাব (ডিপিপি) এবং স্থাপত্য ও কাঠামোগত নকশা প্রণয়নের মূল দায়িত্ব পালন করবে ডুয়েটের ‘কনসালটেন্সি রিসার্চ অ্যান্ড টেস্টিং সার্ভিসেস’ (সিআরটিএস)।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে ইউজিসি কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, কর্মকর্তা-কর্মচারীদের আবাসন সুবিধা নিশ্চিত করা কমিশনের অন্যতম প্রধান অগ্রাধিকার। নির্ধারিত সময়ের মধ্যে সম্পূর্ণ দক্ষতা, আন্তরিকতা ও পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে এই প্রকল্প বাস্তবায়নের ওপর জোর দেন তিনি।

ইউজিসি চেয়ারম্যান জানান, আগামী দুই বছরের মধ্যে ভবনটি বসবাসের উপযোগী করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এজন্য ধারণাপত্র, ডিপিপি, স্থাপত্য ও কাঠামোগত নকশা দ্রুত এবং নির্ভুলভাবে সম্পন্ন করতে হবে, যাতে মূল নির্মাণকাজে কোনো ধরনের বিলম্ব না হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল বলেন, ইউজিসি যে গভীর আস্থা রেখে বিশ্ববিদ্যালয়কে এই গুরুত্বপূর্ণ প্রকল্পটির দায়িত্ব দিয়েছে, তা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে পালন করা হবে। নির্ধারিত সময়ের মধ্যেই ডিপিপিসহ প্রয়োজনীয় সকল প্রস্তুতিমূলক কাজ শেষ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

উপাচার্য আরও বলেন, ডুয়েটে অত্যন্ত দক্ষ প্রকৌশলী ও স্থপতি রয়েছেন। দেশের উচ্চশিক্ষা খাতের নিয়ন্ত্রক সংস্থা ইউজিসিকে প্রয়োজনীয় কারিগরি সহায়তা প্রদান করা বিশ্ববিদ্যালয়ের দায়িত্বেরই একটি অংশ।

সভায় জানানো হয়, সম্পূর্ণ সরকারি (জি-টু-জি) অর্থায়ন ও পদ্ধতিতে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। ভবন নির্মাণে পরিবেশবান্ধব প্রযুক্তি, জ্বালানি-সাশ্রয়ী নকশা এবং আধুনিক স্থাপত্যশৈলী কঠোরভাবে অনুসরণ করা হবে।

অনুষ্ঠানে ইউজিসির সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব, অধ্যাপক ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম, সচিব ড. মো. ফখরুল ইসলাম এবং পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডুয়েটের পক্ষে উপস্থিত ছিলেন- উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার, সিআরটিএসের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহা. আবু তৈয়ব এবং আর্কিটেকচার বিভাগের প্রধান অধ্যাপক ড. বায়েজীদ ইসমাইল চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠান শেষে ডুয়েটের উপাচার্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ইউজিসির চেয়ারম্যানকে একটি সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। এ সময় তিনি ডুয়েটের শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনী কাজের অগ্রযাত্রায় ইউজিসির সহযোগিতা কামনা করলে চেয়ারম্যান কমিশনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

জেএইচআর