রাজশাহীতে চালক ও আরোহী উভয়ের হেলমেট বাধ্যতামূলক, অমান্য করলে কঠোর ব্যবস্থা

রাকিবুল হাসান, রাজশাহী প্রকাশিত: জুলাই ৪, ২০২৬, ০৪:১০ পিএম

রাজশাহী মহানগরীতে মোটরসাইকেল চালক ও সহযাত্রীর হেলমেট ব্যবহার এবং সড়ক পরিবহন আইন প্রতিপালনে কঠোর নির্দেশনা দিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

শুক্রবার আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মহানগর এলাকায় অনেক মোটরসাইকেল চালক হেলমেট ছাড়া অনিরাপদভাবে চলাচল করছেন। এ ছাড়া চালকের পাশাপাশি একাধিক সহযাত্রী বহন এবং সহযাত্রীর হেলমেট ব্যবহার না করার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, যার ফলে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও পঙ্গুত্বের মতো মর্মান্তিক ঘটনা ঘটছে।

গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ৪৯(১)(চ) অনুযায়ী মোটরসাইকেল চালক ও সহযাত্রী উভয়ের জন্যই হেলমেট পরিধান করা বাধ্যতামূলক। একই সঙ্গে মোটরসাইকেলে চালক ছাড়া একজনের বেশি সহযাত্রী বহন করা যাবে না।

এই আইনের ব্যত্যয় ঘটলে ধারা ৯২(১) অনুযায়ী সর্বোচ্চ তিন মাসের কারাদণ্ড, সর্বোচ্চ ১০ হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে। এ ছাড়া আইন অমান্যকারী চালকের বিরুদ্ধে অতিরিক্ত ব্যবস্থা হিসেবে এক দোষসূচক (ডিমেরিট) পয়েন্ট কর্তন করা হবে।

আরএমপি জানায়, সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে এখন থেকে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হবে। মোটরসাইকেল চালানোর সময় চালক ও সহযাত্রী উভয়ই হেলমেট ব্যবহার না করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সব ধরনের যানবাহনের চালকদেরও সড়ক পরিবহন আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

জেএইচআর