নতুন করারোপ ছাড়াই ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৮২২ কোটি টাকার বাজেট ঘোষণা

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ প্রকাশিত: জুলাই ৬, ২০২৬, ০৬:৩৯ পিএম

নতুন করে কোনো প্রকার করারোপ ছাড়াই ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) ২০২৬-২০২৭ অর্থবছরের ৮২২ কোটি ৩০ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। ঘোষিত বাজেটে রাজস্ব খাতে ১৪৬ কোটি ২৭ লাখ টাকা এবং উন্নয়ন খাতে ৬৭৬ কোটি০৩ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। একই সঙ্গে এই সভায় ২০২৫-২০২৬ অর্থবছরের ৬৪৩ কোটি ৭৯ লাখ টাকার সংশোধিত বাজেট পাস হয়।

সোমবার দুপুরে নগর ভবনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে এক বিশেষ সভায় এই বাজেট ঘোষণা করা হয়।

২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের প্রধান প্রধান ব্যয় খাতগুলো হলো—সাধারণ সংস্থাপন খাতে ৩৫ কোটি ৭৪ লাখ টাকা, শিক্ষা খাতে ৪ কোটি ৬৫ লাখ টাকা, স্বাস্থ্য খাতে ৬ কোটি ৫০ লাখ টাকা, পরিচ্ছন্নতা খাতে ১৬ কোটি ৬০ লাখ টাকা, বিদ্যুৎ প্রকৌশল বা সড়কবাতি খাতে ১১ কোটি টাকা, রাস্তা, ড্রেন ও হাটবাজার নির্মাণে ১০ কোটি টাকা, এবং খাল ও ড্রেন খনন কাজে ২ কোটি টাকা। এ ছাড়া মূল উন্নয়ন বাজেট হিসেবে ৬৭৬ কোটি টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন বলেন, “জনকল্যাণমুখী কাজে নিজেদের সম্পৃক্ত করে জনগণের সেবা নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি। জনগণের নিরবচ্ছিন্ন সেবা যেন কোনোভাবেই বিঘ্নিত না হয়, সেটাই আমাদের একমাত্র লক্ষ্য।”

সিটি প্রশাসক আরও বলেন, পুরো নগরজুড়ে বর্তমানে নানা উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে, যার সুফল নাগরিকেরা ইতিমধ্যে ভোগ করতে শুরু করেছেন।

বাজেট ঘোষণা সভায় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজীদ, প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলাম মিয়া, পরিবহন মহাব্যবস্থাপক রাজীব উল আহসান, মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী ও এ কে এম মাহবুবুল আলম উপস্থিত ছিলেন।

এ ছাড়া জামায়াতের জেলা আমীর আবদুল করিম, মহানগর নায়েবে আমীর আসাদুজ্জামান সোহেল, সেক্রেটারি শহীদুল্লাহ্ কায়সার, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুজ্জামান ছোটনসহ সিটি কর্পোরেশনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, জুলাই আন্দোলনের ছাত্রযোদ্ধা, আলেম সমাজ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জেএইচআর