হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া চা বাগান থেকে প্রকাশ রেলী (২৬) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে চা বাগানের একটি আকাশমণি গাছ থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়। নিহত প্রকাশ রেলী নোয়াপাড়া চা বাগানের মৃত চম্পক রেলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রকাশ রেলী ফুটবল দল ব্রাজিলের একজন কট্টর সমর্থক ছিলেন। স্থানীয়দের দাবি, গভীর রাতে চলমান ফুটবল বিশ্বকাপের নকআউট পর্বে নরওয়ের কাছে ব্রাজিলের পরাজয়ের পর তিনি মানসিকভাবে প্রচণ্ড ভেঙে পড়েন। তবে তাঁর মৃত্যুর সঙ্গে এই খেলার ফলাফলের কোনো সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আজ সোমবার সকালে স্থানীয় বাসিন্দারা চা বাগানের একটি গাছে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে মাধবপুর থানা-পুলিশকে খবর দেন। পরে উপপরিদর্শক (এসআই) ইউসুফ আলী মজুমদারের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। লাশটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্ত শেষেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই বিষয়ে কোনো চূড়ান্ত মন্তব্য করা সমীচীন হবে না বলে জানিয়েছে পুলিশ।
জেএইচআর