খুলনা রেলস্টেশন থেকে আনুমানিক ১ কোটি ১৫ লাখ টাকা মূল্যের ৩টি স্বর্ণের বারসহ মাসুদ মোল্লা নামের এক যুবককে আটক করেছে রেলওয়ে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে রেলস্টেশন এলাকায় সন্দেহজনক গতিবিধির কারণে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। আটক মাসুদ মোল্লা নড়াইল জেলার নড়াগাতি এলাকার বাসিন্দা।
খুলনা রেলওয়ে পুলিশের কর্মকর্তারা জানান, সকালে স্টেশনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় মাসুদ মোল্লাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে এই বিপুল পরিমাণ স্বর্ণ উদ্ধার করা হয়।
রেলওয়ে পুলিশের প্রাথমিক হিসাব অনুযায়ী, উদ্ধার হওয়া স্বর্ণের বাজারমূল্য প্রায় ১ কোটি ১০ লাখ ২৫ হাজার টাকা। তবে খুলনা রেলস্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেতু সালাম খান বলেন, ৩টি স্বর্ণের বারসহ মাসুদ মোল্লাকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া স্বর্ণের বর্তমান বাজারমূল্য আনুমানিক ১ কোটি ১৫ লাখ টাকার মতো। আটক ব্যক্তিকে আদালতে চালান দেওয়ার প্রক্রিয়া চলছে।
পুলিশের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে এর আগেও একটি মামলা রয়েছে। বিষয়টি নিশ্চিত হতে ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম (সিডিএমএস)-এ অনুসন্ধান চালানো হচ্ছে। আগের মামলাটিও স্বর্ণ চোরাচালান বা এই জাতীয় অপরাধের কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক যুবক দাবি করেছেন, তিনি ঢাকা থেকে ট্রেনে এসে খুলনায় নেমেছিলেন এবং পরে নড়াইল যাওয়ার কথা ছিল। তবে তার বক্তব্য ও উদ্ধার হওয়া স্বর্ণের উৎস নিয়ে পুলিশের মনে তীব্র সন্দেহ রয়েছে।
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, স্বর্ণের উৎস ও চোরাচালান চক্রের মূল হোতাদের খুঁজে বের করতে প্রয়োজনে আদালতের মাধ্যমে রিমান্ডে এনে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। আটক ও তল্লাশির পুরো প্রক্রিয়ার ভিডিওচিত্র পুলিশের কাছে সংরক্ষিত রয়েছে বলেও জানান তারা।
জেএইচআর