সেনাবাহিনীর মহড়ায় এবার আনসার-ভিডিপি, পরিদর্শনে মহাপরিচালক

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুলাই ৯, ২০২৬, ০৮:১৭ পিএম

বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া-২০২৬ পরিদর্শন করেছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। বৃহস্পতিবার গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় অনুষ্ঠিত এই মহড়া পরিদর্শন করেন তিনি।

জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা জোরদার ও আন্তঃবাহিনী সমন্বয় বাড়াতে এই মহড়ায় এবারই প্রথম আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা ও থানা সঞ্জীবন আনসার প্লাটুনের স্বেচ্ছাসেবী সদস্যরা অংশ নিচ্ছেন। এটি বাহিনীর ইতিহাসে একটি বড় মাইলফলক।

পরিদর্শনকালে মহাপরিচালক মহড়ায় অংশগ্রহণকারী সেনা ও আনসার সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং অপারেশনাল কার্যক্রম পর্যবেক্ষণ করেন। সেনাবাহিনীর কর্মকর্তারা তাঁকে মহড়ার কৌশলগত পরিকল্পনা ও প্রস্তুতির সার্বিক অগ্রগতি সম্পর্কে অবহিত করেন।

মহড়ার শৃঙ্খলা ও পেশাদারিত্বে সন্তোষ প্রকাশ করে মহাপরিচালক বলেন, এই ধরনের যৌথ মহড়া জাতীয় নিরাপত্তা ব্যবস্থাকে শক্তিশালী করার পাশাপাশি বিভিন্ন বাহিনীর মধ্যে পারস্পরিক আস্থা ও কাজের সক্ষমতা বাড়াতে বড় ভূমিকা রাখবে।

গত ৫ জুলাই শুরু হওয়া সেনাবাহিনীর ১০ দিনব্যাপী এই গ্রীষ্মকালীন মহড়া আগামী ১৪ জুলাই পর্যন্ত দেশের সব ডিভিশনে একযোগে চলবে। মহড়ায় অংশ নেওয়ার আগে আনসার সদস্যদের রেইড, অ্যাম্বুশ ও ফার্ম বেস স্থাপনসহ বিভিন্ন যুদ্ধকৌশল বিষয়ে তিন দিনের বিশেষ ‘অন দ্য জব ট্রেনিং’ (OJT) দেওয়া হয়।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রবর্তিত 'পিপলস ওয়ারফেয়ার ডকট্রিন'-এর আলোকে জাতীয় প্রতিরক্ষায় সাধারণ জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার ভাবনারই একটি বাস্তব প্রতিফলন এই উদ্যোগ। বর্তমান মহাপরিচালকের নেতৃত্বে দক্ষ ও দেশপ্রেমিক তরুণদের সম্পৃক্ত করে এই প্লাটুনগুলোকে নতুনভাবে সুসংগঠিত করা হয়েছে।

এই যৌথ অংশগ্রহণ ভবিষ্যতে জনগণভিত্তিক সমন্বিত প্রতিরক্ষা কাঠামো গড়ে তোলার ক্ষেত্রে একটি শক্তিশালী ভিত্তি হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে। পরিদর্শনকালে ঢাকা মহানগর আনসার (ডিএমএ)-এর পরিচালক আসাদুজ্জামান গণীসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেএইচআর