টাঙ্গাইলের বাসাইলে রাস্তার পাশের একটি জঙ্গল থেকে পরিত্যক্ত অবস্থায় এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার বিয়ালা গ্রামের আবদুর রহমান বেগের বাড়ির সামনের সড়ক থেকে শিশুটিকে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। বর্তমানে নবজাতকটি টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ বিকেলে আবদুর রহমান বেগের বাড়ির পাশের জঙ্গল থেকে হঠাৎ একটি শিশুর কান্নার শব্দ শুনতে পান পথচারী ও স্থানীয়রা। তাঁরা এগিয়ে গিয়ে জঙ্গলের ভেতর সদ্যোজাত ওই কন্যাশিশুটিকে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে দ্রুত উদ্ধার করে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে নবজাতকটি বাসাইল উপজেলা সমাজসেবা কর্মকর্তার তত্ত্বাবধানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল হোসেন জানান, শিশুটির প্রকৃত অভিভাবক বা বৈধ দাবিদারকে প্রয়োজনীয় প্রমাণসহ দ্রুত উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
জেএইচআর