মনোহরদীতে অপহরণের চেষ্টাকালে দুই যুবক আটক, থানায় সোপর্দ

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ৯, ২০২৬, ০৮:২১ পিএম

নরসিংদীর মনোহরদীতে সিএনজিচালিত অটোরিকশায় তুলে এক শিশুকে জোরপূর্বক অপহরণের চেষ্টাকালে দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার মাছিমপুর এলাকায় এই ঘটনা ঘটে। আটককৃত যুবকদের বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় বলে জানা গেছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, আজ দুপুর সাড়ে ১২টার দিকে ফারহান (৮) নামের এক শিশু মনোহরদীর হেতিমদী বাইপাস সড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। এই সময় দুই যুবক তাকে জোরপূর্বক একটি অটোরিকশায় তুলে নেওয়ার চেষ্টা করে। শিশুটির আর্তচিৎকার শুনে অদূরে মাছ শিকাররত তার দুই মামাসহ স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন।

এরপর ঘটনাস্থলেই ওই দুই যুবককে গণধোলাই দিয়ে মনোহরদী থানা-পুলিশের হাতে সোপর্দ করা হয়। ভুক্তভোগী শিশু ফারহান উপজেলার মাছিমপুর গ্রামে তার মামার বাড়িতে বেড়াতে এসেছিল। তার বাবা তোফাজ্জল হোসেন মনোহরদী সরকারি কলেজ সংলগ্ন একটি ভাড়া বাসায় পরিবারসহ বসবাস করেন।

আটককৃত ব্যক্তিরা হলেন- নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার মোজাফফরপুর গ্রামের হাশিম উদ্দীনের ছেলে রফিক (২৫) এবং একই গ্রামের মোখলেছের ছেলে জজ মিয়া (২৩)।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর বাদশা জানান, অপহরণকারী সন্দেহে জনতা দুই ব্যক্তিকে আটক করে থানায় সোপর্দ করেছে। তারা বর্তমানে থানা হেফাজতে রয়েছে। বিষয়টি যাচাই-বাছাই সাপেক্ষে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

জেএইচআর