মাটিরাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু, স্ত্রী ও ছেলে আহত

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল (খাগড়াছড়ি) প্রকাশিত: জুলাই ১০, ২০২৬, ০৫:৩৯ পিএম

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল মালেক (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তাঁকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন তাঁর স্ত্রী শাহেরা খাতুন (৫০) ও ছেলে শাহ আলম (৩৫)। আহতদের মধ্যে শাহেরা খাতুনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার গোমতী ইউনিয়নের শান্তিপুর এলাকায় নিজ বাড়িতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

মৃত আব্দুল মালেক ওই এলাকার প্রয়াত লাল মিয়ার ছেলে। নিহতের ছোট ভাই জালিল মিয়া জানান, টানা বর্ষণে রাস্তা ভেঙে যাওয়ায় প্রতিবেশী ফজর আলী নিয়মিত আব্দুল মালেকের বাড়ির বারান্দায় নিজের অটোরিকশা চার্জ দিতেন। বৃহস্পতিবার রাতে চার্জ শেষে তিনি মাল্টিপ্লাগটি জানালার গ্রিলের সঙ্গে ঝুলিয়ে রেখেই চলে যান। পরদিন শুক্রবার দুপুরে আব্দুল মালেক ওই মাল্টিপ্লাগটি খুলতে গেলে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন।

এ সময় তাঁকে উদ্ধারের চেষ্টাকালে তাঁর স্ত্রী ও ছেলেও বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে তিনজনকে উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল মালেককে মৃত ঘোষণা করেন। প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় অপর দুই আহতকে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়।

মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আসরাফ উদ্দিন বলেন, বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় তিনজনকে হাসপাতালে আনা হলে আব্দুল মালেককে আমরা মৃত অবস্থায় পাই।

বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খাগড়াছড়ি সদর হাসপাতালে রেফার করা হয়েছে। তবে আহত শাহেরা খাতুনের অবস্থা এখনো আশঙ্কাজনক বলে তিনি জানান।

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ উদ্দিন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখে পরবর্তী আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

জেএইচআর