মাগুরায় জেলা প্রশাসকের পরিদর্শন, বিশ্ব পরিবেশ দিবসে সচেতনতার আহ্বান

মিরাজ আহমেদ, মাগুরা প্রকাশিত: জুলাই ১০, ২০২৬, ০৬:১৬ পিএম

মাগুরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোতাসিম বিল্লাহ (মোতাকাব্বীর আহমেদ) কালেক্টরেটের ছাদবাগান, লাইব্রেরি ও সাধারণ শাখা পরিদর্শন করেছেন। একই দিনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা প্রশাসক প্রথমে কালেক্টরেটের ছাদবাগান ও লাইব্রেরি পরিদর্শন করেন। এ সময় তিনি ছাদবাগানের পরিচর্যা কার্যক্রম এবং লাইব্রেরির পাঠ-পরিবেশ সম্পর্কে খোঁজ নেন। পরে সাধারণ শাখা পরিদর্শন করে সেবার মানোন্নয়ন, নথি ব্যবস্থাপনা এবং দাপ্তরিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন। পরিদর্শনকালে তিনি দাপ্তরিক শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেন।

এদিকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মাগুরা জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ।

আলোচনা সভায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় পরিবেশ সংরক্ষণ এবং জনসচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়। এ বছরের প্রতিপাদ্য ছিল ‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’।

সভায় জেলা প্রশাসক বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।

পরিবেশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং গাছের চারা বিতরণ করা হয়।

জেএইচআর