ড্রেনেজ সংকটে নন্দন পার্কে জলাবদ্ধতা, সমাধানের দাবিতে মানববন্ধন

অজয় সরকার ঝুটন, গাজীপুর প্রকাশিত: জুলাই ১১, ২০২৬, ০২:৪১ পিএম

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাড়ইপাড়া এলাকায় সঠিক ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি ও শিল্পকারখানার দূষিত পানি প্রবেশ করছে নন্দন পার্কে। এতে পার্ক এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে বলে অভিযোগ করেছে নন্দন পার্ক কর্তৃপক্ষ।

পার্কটি রক্ষায় আশপাশের এলাকার পানি প্রবেশ বন্ধ এবং দ্রুত কার্যকর ড্রেনেজ ব্যবস্থা স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে নন্দন পার্ক কর্তৃপক্ষ।

শনিবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে নন্দন পার্কের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পূর্ব চন্দ্রা ও উলুসারা গ্রামের কিছু বাসিন্দা বন বিভাগের জায়গায় ভেকু দিয়ে ড্রেন কেটে বৃষ্টির পানি নন্দন পার্ক এলাকায় প্রবেশ করাচ্ছেন। পাশাপাশি বাড়ইপাড়া এলাকায় পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি ও শিল্পকারখানার ময়লা-দূষিত পানি পার্কে ঢুকে পড়ছে। এতে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।

বক্তারা বলেন, জলাবদ্ধতার কারণে গত কয়েক মাসে নন্দন পার্কে দর্শনার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এ পরিস্থিতি অব্যাহত থাকলে ভবিষ্যতে পার্কের প্রায় ২০০ কর্মচারী কর্মহীন হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

তারা নন্দন পার্ক রক্ষায় দ্রুত সময়ের মধ্যে পানি নিষ্কাশনের জন্য কার্যকর ড্রেনেজ ব্যবস্থা চালুর দাবি জানান।

এম জি