পটুয়াখালীর বাউফলে বিয়ের মাত্র দুই মাসের মাথায় ইসরাত জাহান নিশি (২৮) নামে এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি আত্মহত্যা নাকি হত্যা, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (১১ জুলাই) সকাল ১০টার দিকে বাউফল পৌরশহরের ৪ নম্বর ওয়ার্ডের দরবেশ আলী সড়কের একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ইসরাত জাহান নিশি ভোলার বোরহানউদ্দিন উপজেলার দেউলা গ্রামের নাসির মোল্লার মেয়ে। তিনি বাউফল উপজেলার চন্দ্রপাড়া গ্রামের যুক্তরাষ্ট্রপ্রবাসী মনিরুল ইসলাম ঢালীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে পারিবারিকভাবে মনিরুল ইসলাম ঢালীর সঙ্গে নিশির বিয়ে হয়। এর আগে মনিরুল ইসলামের আরেকটি বিয়ে হয়েছিল। তবে দাম্পত্য কলহের কারণে ওই সংসারের বিচ্ছেদ ঘটে।
নিহতের স্বজনদের দাবি, সম্প্রতি স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলছিল। শুক্রবার রাতে খাবার শেষে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে নিশি একটি আলাদা কক্ষে গিয়ে দরজা বন্ধ করে দেন। পরিবারের সদস্যরা ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে বিষয়টি গুরুত্বের সঙ্গে নেন। শনিবার সকালেও কোনো সাড়া না পাওয়ায় পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে বাউফল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় দরজা ভেঙে কক্ষের ভেতর থেকে বৈদ্যুতিক পাখার সঙ্গে ঝুলন্ত অবস্থায় নিশির মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়।
নিশির স্বামী মনিরুল ইসলাম ঢালী বলেন, রাতে সামান্য মনোমালিন্যের পর নিশি আলাদা কক্ষে গিয়ে দরজা বন্ধ করে দেন। রাতে এবং সকালে ডাকাডাকি করেও কোনো সাড়া না পাওয়ায় পুলিশকে খবর দেওয়া হয়।
ঘটনার পর সহকারী পুলিশ সুপার (বাউফল সার্কেল) ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। বর্তমানে ঘটনাটি তদন্তাধীন রয়েছে।
এম জি