ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের খোশালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সোমবার সকাল ১০টায় মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর উদ্যোগে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত, অসহায় ও দুস্থ ১০০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
খোশালপুর বিওপি ক্যাম্পের তত্ত্বাবধানে আয়োজিত এই মানবিক কর্মসূচিতে প্রতিটি পরিবারের হাতে তুলে দেওয়া হয় চাল, ডাল, তেল, লবণ ও আলু।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণসামগ্রী বিতরণ করেন মহেশপুর ব্যাটালিয়নের উপ-অধিনায়ক (টু-আই-সি) মেজর তোয়াসীন হাবিব হাসান। এ সময় আরও উপস্থিত ছিলেন উপ-সহকারী পরিচালক মুন্সী এমদাদুর রহমান এবং ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মাইন উদ্দিন।
এ সময় মেজর তোয়াসীন হাবিব হাসান বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টিপাতের কারণে অনেক নিম্নআয়ের মানুষ কর্মহীন হয়ে পড়ায় তাদের পরিবার চরম মানবিক সংকটে পতিত হয়েছে। সেই বাস্তবতা বিবেচনা করেই বিজিবি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। তিনি আরও বলেন, সীমান্ত রক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি অসহায় ও দুস্থ মানুষের কল্যাণে বিজিবির এই মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেপা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মো. এনামুল হক, নেপা ইউনিয়ন মৎস্যজীবী দলের থানা সভাপতি মো. আবুল বাশারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ত্রাণ পেয়ে উপকারভোগী সফুরা বেগম, মইনুল, সাহিদা খাতুন ও সৈয়দা খাতুনসহ অনেকেই বিজিবির এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এমন সহযোগিতার হাত প্রসারিত রাখার আহ্বান জানান।
এএন