প্রধানমন্ত্রীর বরিশাল সফর ঘিরে মুকসুদপুরে হাজারো মানুষের সমাগম

কাশিয়ানী ও মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১৩, ২০২৬, ১২:৪৭ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফরকে কেন্দ্র করে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রধানমন্ত্রীকে একনজর দেখতে এবং স্বাগত জানাতে ঢাকা-বরিশাল মহাসড়কের দুই পাশে সকাল থেকেই জড়ো হন হাজারো বিএনপি নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ।

সোমবার সকাল ৮টা ১০ মিনিটে প্রধানমন্ত্রীর গাড়িবহর বরইতলা বাসস্ট্যান্ড অতিক্রম করার সময় তিনি রাস্তার পাশে অপেক্ষমাণ নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা ও অভিবাদনের জবাব দেন। এ সময় উপস্থিত জনতার মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

দলীয় স্লোগান, জাতীয় পতাকা এবং ব্যানার-ফেস্টুনে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। মহাসড়কের দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান এবং বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেন।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম, জেলা বিএনপির আহ্বায়ক রফিক শরীফ, সাবেক জেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ মাহমুদ কবির আলী এবং গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফজলুল কবিরসহ গোপালগঞ্জ জেলা ও উপজেলার বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এই সফরকে ঘিরে মহাসড়ক ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা যায়। পাশাপাশি যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করা হয়।

এএন