বিরামপুরে পানির তোড়ে সাঁকো নিখোঁজ, যাতায়াত বন্ধ ১৫ গ্রামের মানুষের

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১৩, ২০২৬, ০৪:৫৪ পিএম

দিনাজপুরের বিরামপুর উপজেলার খাঁনপুর ইউনিয়নের অন্তর্গত আশুড়ার বিলের ওপর নির্মিত একটি ঐতিহ্যবাহী বাঁশের সাঁকো পানির তোড়ে ভেসে গেছে। এর ফলে দু'পারের প্রায় ১৫টি গ্রামের মানুষের নিত্যদিনের যাতায়াতে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে। 

গ্রামগুলোতে কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া এবং সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক করার লক্ষ্যে সাঁকোটি দ্রুত পুনঃনির্মাণের জোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এই বিষয়ে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নিকট একটি লিখিত আবেদনও করা হয়েছে।

দিঘলচাঁদ গ্রামের বাসিন্দা কমল চন্দ্র সরকার জানান, গ্রামের লালঘাট আশুড়ার বিলের ওপর স্থানীয়রা নিজস্ব উদ্যোগে একটি বাঁশের সাঁকো তৈরি করে যাতায়াত করতেন। ওই সাঁকোর ওপর দিয়ে দু’পারের প্রায় ১৫টি গ্রামের সাধারণ মানুষ, কৃষক, দিনমজুর ও ধানজুড়ি মিশন স্কুলের শিক্ষার্থীরা পায়ে হেঁটে এবং সাইকেল ও মোটরবাইক নিয়ে নিয়মিত পারাপার হচ্ছিলেন। কিন্তু গত কয়েকদিনের টানা ভারী বর্ষণের ফলে বিলের পানির তীব্র স্রোতে প্রায় ২১০ ফুট লম্বা সাঁকোটি সম্পূর্ণ ভেসে যায়। সাঁকোটি হারিয়ে যাওয়ায় বর্তমানে পুরো অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জরুরি ভিত্তিতে এটি নতুন করে নির্মাণের জন্য আর্থিক ও কারিগরি সহায়তা চেয়ে উপজেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন গ্রামবাসী।

বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তানজিনা খাতুন জানান, আশুড়ার বিলের সাঁকো ভেসে যাওয়া সংক্রান্ত একটি লিখিত আবেদনপত্র তিনি হাতে পেয়েছেন। যত দ্রুত সম্ভব ক্ষতিগ্রস্ত ঘটনাস্থল সশরীরে পরিদর্শন করে এই বিষয়ে প্রয়োজনীয় ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।

জেএইচআর