রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুই হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৩৩টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে মৎস্য বিভাগ। পরে জব্দ করা এসব জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা যায়, বুধবার (১৫ জুলাই) মৎস্য আইন বাস্তবায়নের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার নেতৃত্বে দৌলতদিয়া নৌপথে পদ্মা নদীতে দিনব্যাপী অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নদীর বিভিন্ন স্থান থেকে দুই হাজার মিটার কারেন্ট জাল ও ৩৩টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরে এসব অবৈধ জাল দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় এনে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
অভিযানে গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম পাইলটসহ নৌপুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, মৎস্য সম্পদ রক্ষা ও নদীতে অবৈধ জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে জব্দ করা দুই হাজার মিটার কারেন্ট জাল ও নিষিদ্ধ চায়না দুয়ারি জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
এম জি