আমার আঙিনা আমি পরিষ্কার রাখি, ডেঙ্গু, হাম, চিকুনগুনিয়াসহ রোগবালাই থেকে দূরে থাকি-এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুরে শুরু হয়েছে পরিচ্ছন্নতা ও পরিবেশ সুরক্ষা কার্যক্রম। ২০২৪ সালের জুলাই আন্দোলনের শহীদ ও আহত যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জেলা পরিষদের উদ্যোগে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
বুধবার (১৫ জুলাই) সকালে পিরোজপুর জেলা পরিষদের উদ্যোগে এবং পৌরসভার সহযোগিতায় শহরের উকিলপাড়া-আমলাপাড়া এলাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, পরিচ্ছন্ন ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলা শুধু কোনো একটি প্রতিষ্ঠানের দায়িত্ব নয়, এটি প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। নিজেদের ঘর ও আশপাশ পরিষ্কার রাখলে ডেঙ্গু, চিকুনগুনিয়ার মতো মশাবাহিত রোগের ঝুঁকি কমবে।
তিনি বলেন, জুলাই আন্দোলনের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে পিরোজপুরকে একটি সুস্থ, নিরাপদ ও পরিবেশবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে কাজ করা হচ্ছে।
জেলা পরিষদের প্রশাসক আরও বলেন, পিরোজপুরকে আধুনিক ও সম্পূর্ণ ডাস্টবিনমুক্ত শহর হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। নতুন ব্যবস্থাপনায় সড়কের পাশে কোনো উন্মুক্ত ডাস্টবিন থাকবে না। বাসাবাড়ি থেকে নির্ধারিত ব্যবস্থায় বিশেষ ভ্যানের মাধ্যমে সরাসরি বর্জ্য সংগ্রহ করা হবে।
তিনি জানান, এ কার্যক্রম বাস্তবায়নে স্থানীয় তরুণদের নিয়ে দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সামাজিক কমিটি গঠন করা হচ্ছে। পাশাপাশি সংগৃহীত বর্জ্য ব্যবস্থাপনার জন্য সড়ক ও জনপথ বিভাগের সঙ্গে আলোচনা করে একটি আধুনিক ডাম্পিং পয়েন্টের ব্যবস্থা করা হয়েছে। সেখানে বর্জ্য ছয় ঘণ্টার বেশি রাখা হবে না, ফলে পরিবেশের ক্ষতি কমবে।
মাসব্যাপী এ কর্মসূচিতে স্থানীয় যুবসমাজ সক্রিয়ভাবে অংশ নিচ্ছে। উদ্বোধনের দিন পিরোজপুরের সামাজিক সংগঠন ‘পজেটিভ পিরোজপুর’ ও ‘এমিনেন্ট বয়েজ পিরোজপুর’-এর সদস্যরা পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। তারা উকিলপাড়া ও আমলাপাড়ার ড্রেন ও সড়ক পরিষ্কার করেন এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে পৌর এলাকার বিভিন্ন পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিবেশ রক্ষায় নানা কার্যক্রম চালানো হবে। একই সঙ্গে পিরোজপুরকে মাদকমুক্ত করতে ও সামাজিক নিরাপত্তা জোরদারে তরুণদের নিয়ে তদারকি কমিটি গঠন করা হচ্ছে।
বর্জ্য ব্যবস্থাপনাকে আরও কার্যকর করতে পৌরসভা ও সামাজিক কমিটির যৌথ উদ্যোগে আধুনিক গার্বেজ ভ্যান সরবরাহ করা হবে। এ ছাড়া জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় মাসব্যাপী ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ কর্মসূচিও পালন করা হবে।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বীর মুক্তিযোদ্ধা ও বিপুলসংখ্যক সাধারণ নাগরিক উপস্থিত ছিলেন।
জুলাই আন্দোলনের চেতনাকে ধারণ করে নেওয়া এ উদ্যোগ পিরোজপুরের পরিবেশ, জনস্বাস্থ্য ও সামাজিক সুরক্ষায় দীর্ঘমেয়াদি ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
এম জি