মনিরামপুরে ৩ মাসের সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

​মনিরামপুর (যশোর) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১৫, ২০২৬, ০৮:২৮ পিএম

যশোরের মনিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়নের বসন্তপুর গ্রাম থেকে আঞ্জিলা খাতুন (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে নিজ বাড়ির একটি কক্ষের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। আঞ্জিলা খাতুন ওই গ্রামের ইমরান হোসেনের স্ত্রী। তিনি তিন মাস বয়সী এক পুত্রসন্তানের জননী ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার সময় ইমরান হোসেন তার ব্যবসা প্রতিষ্ঠানে ছিলেন। বিকেল পৌনে ৬টার দিকে খবর পেয়ে বাড়িতে ফিরে তিনি আঞ্জিলার মরদেহ বিছানায় শোয়ানো অবস্থায় দেখতে পান। এর আগে তার নানি মোছা. ছকিনা বেগম ঘরের আড়া থেকে মরদেহটি নামিয়ে বিছানায় রাখেন।

নিহতের বাবার বাড়ি মনিরামপুর উপজেলার ফরিদপুর গ্রামে। তার বাবা আনোয়ার হোসেন জানান, ঘটনার পর পরিবার শোকাহত। এ ঘটনায় তাদের কোনো অভিযোগ নেই। তাই ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের ইচ্ছা প্রকাশ করেছেন।

পরিবার সূত্রে জানা গেছে, আঞ্জিলা খাতুনের এটি দ্বিতীয় বিয়ে ছিল। প্রথম সংসারে তার চার বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। বর্তমান স্বামী ইমরান হোসেনের সঙ্গে সংসারে তাদের তিন মাস বয়সী একটি পুত্রসন্তান রয়েছে।

স্থানীয় প্রতিবেশীরা জানান, ঘটনার আগে পরিবারটিতে কোনো ধরনের বিরোধ বা কলহের বিষয় তাদের জানা ছিল না।

এ বিষয়ে মনিরামপুর থানায় প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি। এছাড়া স্থানীয় পুলিশ প্রশাসন বা পরিবারের পক্ষ থেকে মৃত্যুর কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এম জি