কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহেদুল আলম জাহাঙ্গীরকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
বুধবার (১৫ জুলাই) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বেড়িবাঁধসংলগ্ন তার নিজ বাগানবাড়ির সামনে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
মিঠামইন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মো. আব্দুল আওয়াল সূত্রে জানা গেছে, মিঠামইন বাজার থেকে ফেরার পথে নিজ বাড়ির সামনে জাহাঙ্গীরের ওপর অতর্কিত হামলা চালায় অজ্ঞাতপরিচয় তিন থেকে চারজন। তারা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় তার সঙ্গে থাকা বিএনপি কর্মী হাদিস মিয়াকেও কুপিয়ে আহত করা হয়।
পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জাহেদুল আলম জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কিশোরগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। প্রাথমিক তদন্তে জানা গেছে, হামলাকারীরা উপজেলার বাইরে থেকে এসে এ ঘটনা ঘটিয়েছে। ঘটনার পরপরই অভিযানে জড়িত এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, হামলাকারীরা মূলত ঢাকা থেকে এসেছে বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। বাকি দুই আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মরদেহের ময়নাতদন্ত শেষে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এএন