প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল পুনর্মূল্যায়ন এবং সঠিক ফল প্রকাশের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা।
বৃহস্পতিবার সকালে বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা একেএম আনোয়ার হোসেনের মাধ্যমে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়।
স্মারকলিপিতে অভিভাবকেরা অভিযোগ করেন, রাজশাহী উপশহর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১১টি বিদ্যালয়ের ২৩৮ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নিলেও প্রকাশিত ফলাফলে ওই কেন্দ্রের কোনো শিক্ষার্থীর নাম বৃত্তিপ্রাপ্তদের তালিকায় স্থান পায়নি। এতে ফলাফল প্রস্তুতের ক্ষেত্রে কারিগরি বা প্রশাসনিক ত্রুটি হয়েছে বলে তাদের সন্দেহ।
মানববন্ধনে বক্তারা ফলাফল তদন্ত করে প্রয়োজন হলে পুনর্মূল্যায়নের মাধ্যমে প্রকৃত মেধাবীদের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে পাঁচ কর্মদিবসের মধ্যে সঠিক ফল প্রকাশেরও আহ্বান জানান তারা।
এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা একেএম আনোয়ার হোসেন বলেন, অভিভাবকদের দেওয়া স্মারকলিপি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠানো হবে। ওএমআর পদ্ধতিতে ফল প্রস্তুতের সময় কোনো কারিগরি ত্রুটি হয়েছে কি না, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এএন