চৌগাছায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া

এম এ মান্নান, চৌগাছা (যশোর) প্রকাশিত: জুলাই ১৭, ২০২৬, ১২:১৮ পিএম

যশোরের চৌগাছায় শহীদ আবু সাঈদসহ জুলাই গণঅভ্যুত্থানের সব শহীদের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৫টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌগাছা উপজেলা শাখার উদ্যোগে চৌগাছা কামিল মাদরাসা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ।

সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক মাওলানা নুরুজ্জামান আল মামুন। পবিত্র কোরআন তেলাওয়াত করেন চৌগাছা ইউনিয়ন জামায়াত-মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাওলানা রুহুল কুদ্দুস।

এ সময় বক্তব্য দেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা নুরুল ইসলাম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার রহিদুল ইসলাম খান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা গিয়াসউদ্দিন, পৌর জামায়াতের আমির ও উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল খালেক, উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি ও চৌগাছা কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আলাউদ্দিন, কর্মপরিষদ সদস্য তুহিনুর রহমান, মাওলানা শাহ আলম এবং পৌর জামায়াতের সেক্রেটারি ডা. জিল্লুর রহমান।

বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদসহ সব শহীদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তারা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, তাঁদের আত্মত্যাগ স্বাধীনতা, ন্যায়বিচার, গণতান্ত্রিক মূল্যবোধ ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে আরও শক্তিশালী করেছে। একই সঙ্গে শহীদদের আদর্শ ও চেতনা ধারণ করে বৈষম্যহীন, ইনসাফভিত্তিক ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সভা শেষে শহীদদের রূহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা জামায়াতে ইসলামীর রুকন, বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, আলেম-ওলামা, নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এএন