ঝালকাঠি শহরের টিএনটি এলাকায় একটি তিনতলা আবাসিক ভবনের প্রতিটি ফ্লোরে একযোগে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় ভবনের নিচতলায় একা থাকা এক নারীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দুপুরের কোনো এক সময় এ ঘটনা ঘটে বলে ধারণা করছে পুলিশ। ঘটনাটি বাড়ির মালিক টের পান সন্ধ্যার পর।
নিহত চল্লিশোর্ধ্ব নারী মলিনা রায় ভবনটির নিচতলায় ভাড়া থেকে টেইলারিংয়ের কাজ করতেন। ভবনটির মালিক তপন হাওলাদার মাঝের তলায় এবং ওপরের তলায় ভাড়াটিয়ারা বসবাস করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় ভবনের মালিক ও ভাড়াটিয়াসহ সবাই রথযাত্রায় অংশ নিতে বাইরে ছিলেন। এই সুযোগে দুর্বৃত্তরা ভবনের তিনটি ফ্লোরেই চুরি চালায়। সন্ধ্যায় বাসায় ফিরে তারা ঘরের মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পান। নিচতলায় গিয়ে মলিনা রায়কে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
প্রাথমিকভাবে চুরিতে কী পরিমাণ মালামাল খোয়া গেছে, তা এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। পুলিশ ও র্যাব ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে।
এ বিষয়ে সদর থানার ওসি মাহমুদ হাসান জানান, প্রাথমিকভাবে এটি একটি চুরির ঘটনা বলেই মনে হচ্ছে। চুরির সময় মলিনা রায়কে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ দ্রুত জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য কাজ করছে।
এএন