পানি সম্পদ প্রতিমন্ত্রী

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টের সাথে একটি করে বৃক্ষ রোপণ করুন

মাহমুদুল হাসান বাবু, পঞ্চগড় প্রকাশিত: জুলাই ২৪, ২০২৬, ০৪:০২ পিএম

তরুণ প্রজন্মের উদ্দেশ্যে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আহ্বান জানিয়ে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করার সাথে সাথে একটি করে বৃক্ষ রোপণ করুন।

শুক্রবার বেলা ১১টায় ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে ১০ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে এই মেলার আয়োজন করা হয়।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে দেশব্যাপী এই বৃক্ষরোপণ অভিযান চলছে। আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি বৃক্ষ রোপণের পরিকল্পনা নিয়েছে সরকার। এই লক্ষ্য অর্জনে তিনি সবাইকে অন্তত একটি করে বৃক্ষ রোপণ করার আহ্বান জানান।

নদী ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় গাছের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, নদীর সাথে গাছের একটি নিবিড় সম্পর্ক রয়েছে। এ কারণে দেশের নদীগুলোর তীরে গাছ লাগিয়ে সবুজায়ন করা হবে। গাছ কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে আমাদের অক্সিজেন দেয়, তাই পরিবেশের সুরক্ষায় গাছ লাগানো অত্যন্ত জরুরি।

এর আগে, সকালের দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি অডিটোরিয়ামে এসে শেষ হয়। এরপর সেখানে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। মেলা উদ্বোধন শেষে সরকারি অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন পঞ্চগড়ের জেলা প্রশাসক শুকরিয়া পারভীন, পুলিশ সুপার আবু সাইম, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু এবং জেলা জজ আদালতের পিপি মির্জা নাজমুল ইসলাম কাজল।

এছাড়া বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, বন বিভাগের প্রতিনিধি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই র‍্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

জেএইচআর