আলমডাঙ্গায় মাঠে সার দিতে গিয়ে নিখোঁজ কৃষকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

আশরাফুল আলম, চুয়াডাঙ্গা প্রকাশিত: জুলাই ২৪, ২০২৬, ০৪:০৫ পিএম

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাঠে সার দিতে গিয়ে নিখোঁজ হওয়া হাসেম আলী (৫৫) নামের এক কৃষকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে উপজেলার হারদী ইউনিয়নের ওসমানপুর বিশ্বাসপাড়ার কাটাখালী মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত হাসেম আলী ওসমানপুর বিশ্বাসপাড়ার মৃত রস্তম মন্ডলের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে হাসেম আলী নিজের ফসলি জমিতে সার দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। রাতে তিনি আর বাড়ি ফিরে আসেননি। স্বজনেরা সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি।

পরবর্তীতে আজ শুক্রবার সকালে স্থানীয় লোকজন কাটাখালী মাঠে তাঁর নিথর দেহ পড়ে থাকতে দেখে পরিবার ও পুলিশকে খবর দেন। নিহতের স্ত্রী তাহমিনা বেগম জানান, বিকেলে সার দিতে মাঠে যাওয়ার পর তিনি আর ফিরে আসেননি। সকালে মাঠে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

পুলিশ জানায়, উদ্ধার করা মরদেহের পেট ও উরুতে বেশ কিছু ক্ষতের চিহ্ন রয়েছে। প্রাথমিক ধারণা করা হচ্ছে, মৃত্যুর পর নিহতের শরীরের ওই অংশগুলোর মাংস শিয়ালে খেয়েছে।

খবর পেয়ে আলমডাঙ্গা থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন ও মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।

জেএইচআর