ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভবনগর গ্রামের একটি খাল থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে ভবনগর গ্রামের ভাওনের খালের ওপর নির্মিত সড়ক সেতুর নিচে পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর বলে ধারণা করছে পুলিশ।
স্থানীয় বাসিন্দা মশিউর রহমান টিংকু জানান, সকালে এলাকাবাসী সেতুর নিচে পানির মধ্যে একটি মরদেহ দেখতে পান। পরে বিষয়টি মহেশপুর থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদি হাসান জানান, পানিতে ভাসমান অবস্থায় মরদেহটির একটি হাত দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়।
তিনি আরও জানান, এখনও নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তাঁর পরিচয় নিশ্চিতকরণ এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
জেএইচআর