গুজব রুখে পাহাড়ে সম্প্রীতি বজায় রাখার আহ্বান মাটিরাঙ্গা জোন কমান্ডারের

​জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রকাশিত: জুলাই ২৬, ২০২৬, ০৭:৩৬ পিএম

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপপ্রচার ও গুজব পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে বলে সতর্ক করেছেন মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মাসুদ খান। তিনি বলেন, পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখতে সবাইকে গুজব সম্পর্কে সচেতন ও সতর্ক থাকতে হবে।

রোববার (২৬ জুলাই) বেলা ১১টার দিকে মাটিরাঙ্গা জোন সদরে আয়োজিত মাসিক নিরাপত্তা সমন্বয় ও মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় জোন কমান্ডার বলেন, সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে মাটিরাঙ্গার বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ প্রশংসার দাবিদার। তিনি বলেন, এবারের দুর্যোগ মোকাবিলায় বিভিন্ন রাজনৈতিক দলের সক্রিয় অংশগ্রহণ একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় দ্রুত দুর্যোগ পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও যেকোনো প্রাকৃতিক দুর্যোগে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় মাদক ও চোরাচালান প্রতিরোধ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং মাটিরাঙ্গা বাজার ব্যবস্থাপনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা জোনের জোনাল স্টাফ অফিসার (জেডএসও) মেজর মো. সামিউল হক, গুইমারা আনসার ব্যাটালিয়নের অধিনায়ক, মাটিরাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. ওয়াজেদ আলী, মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন দত্ত, মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন, পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রশান্ত কুমার ত্রিপুরা, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহ জালাল কাজল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি জসীম উদ্দিন জয়নাল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাটিরাঙ্গা উপজেলা আমির আবদুল জলিলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

এম জি