দুমকির পায়রা সেতুতে দায়িত্ব পালনকালে টোল কালেক্টরের মৃত্যু

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২৭, ২০২৬, ০১:০৮ পিএম

পটুয়াখালীর দুমকিতে পায়রা সেতুর টোল প্লাজায় দায়িত্ব পালনকালে হৃদরোগে আক্রান্ত হয়ে সজল আহমেদ সৈকত (৫০) নামের এক টোল কালেক্টরের মৃত্যু হয়েছে। রোববার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে সেতুর উত্তর প্রান্তে এ ঘটনা ঘটে।

টোল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ডিউটিতে থাকাকালে সজল আহমেদ হঠাৎ হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

সিসিটিভি ফুটেজে বিষয়টি দেখে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে লেবুখালী সেনানিবাসের সিএমএইচে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সজল আহমেদ সৈকতের বাড়ি ময়মনসিংহ সদর পৌর এলাকায়। ঘটনার পর তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।

আজ সোমবার বাদ জোহর ময়মনসিংহ পৌর কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে। তার এই আকস্মিক মৃত্যুতে সহকর্মীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এএন