ভৈরব পৌরসভার বাজেট ঘোষণা

এম. আর. সোহেল, ভৈরব (কিশোরগঞ্জ) প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ০৬:৩৮ পিএম

বন্দরনগরী ভৈরব পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৭৭ কোটি ৭ লাখ ৭০ হাজার ৫১৭ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ভৈরব পৌরসভার সেমিনার কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বাজেট উপস্থাপন করেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী আরিফ সারোয়ার বাতেন। 

পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কে. এম. মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে পৌর নির্বাহী কর্মকর্তা মো. ফারুকসহ ভৈরব পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পৌরসভা থেকে পাওয়া তথ্য মতে, ঘোষিত বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৩৬ কোটি ৫৩ লাখ ২২ হাজার ৯৪৬ টাকা। উন্নয়ন সহায়তা তহবিল থেকে সম্ভাব্য আয় ধরা হয়েছে ৪০ কোটি ৫৪ লাখ ৪৭ হাজার ৫৭৯ টাকা। সব মিলিয়ে মোট প্রস্তাবিত বাজেটের পরিমাণ দাঁড়িয়েছে ৭৭ কোটি ৭ লাখ ৭০ হাজার ৫১৭ টাকা।

এ ছাড়া রাজস্ব খাতে ব্যয় ধরা হয়েছে ২৯ কোটি ৫৭ লাখ ১৫ হাজার ৩৪০ টাকা এবং উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ৪০ কোটি ৫৪ লাখ ৪৭ হাজার ৫৭৯ টাকা। সব ব্যয় শেষে বাজেটে ৬ কোটি ৯৬ লাখ ৭ হাজার ৫৯৮ টাকা উদ্বৃত্ত রাখার প্রস্তাব করা হয়েছে।

সংবাদ সম্মেলনে পৌর প্রশাসক কে. এম. মামুনুর রশীদ বলেন, নাগরিকদের ওপর অতিরিক্ত করের চাপ সৃষ্টি না করে পৌরসভার আর্থিক সক্ষমতা বৃদ্ধি, সেবার মান উন্নয়ন এবং চলমান উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করাই এবারের বাজেটের মূল লক্ষ্য। তিনি বলেন, রাজস্ব আদায় বাড়ানোর পাশাপাশি সরকারি উন্নয়ন সহায়তার যথাযথ ব্যবহার নিশ্চিত করে পৌরবাসীর প্রত্যাশা পূরণে কাজ করা হবে।

এই বাজেট বাস্তবায়নের মাধ্যমে ভৈরব পৌরসভা নগরবাসীর জীবনমান উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবে বলে আশা করা হচ্ছে।

এএন