চুয়েটের উপাচার্য হলেন পটিয়ার অধ্যাপক সায়েম

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ০৭:৪১ পিএম

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে তাঁর নিয়োগের কথা জানানো হয়।

যুগ্ম সচিব কাজী নুরুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৩-এর ১০(১) ধারা অনুযায়ী তাঁকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ—যেটি আগে হবে, তত দিন তিনি দায়িত্ব পালন করবেন। তিনি বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়ার স্থলাভিষিক্ত হবেন।

অধ্যাপক সায়েম বর্তমানে চুয়েটের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান এবং শিক্ষক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক ও একাডেমিক দায়িত্ব পালনের পাশাপাশি তিনি পরিচ্ছন্ন জ্বালানি, গ্রিন হাইড্রোজেন, নবায়নযোগ্য জ্বালানি ও জলবায়ু পরিবর্তন বিষয়ে গবেষণার জন্য সুপরিচিত।

১৯৮০ সালের ২৬ অক্টোবর চট্টগ্রামের পটিয়া উপজেলার নাইখাইন গ্রামে তাঁর জন্ম। চুয়েট থেকে স্নাতক সম্পন্ন করে ২০০৫ সালে একই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। পরে জাপানের হোক্কাইডো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং অস্ট্রেলিয়ার সেন্ট্রাল কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

নিয়োগ-পরবর্তী প্রতিক্রিয়ায় অধ্যাপক সায়েম বলেন, শিক্ষার্থী ও চুয়েটের উন্নয়নে কাজ করাই তাঁর লক্ষ্য। নতুন দায়িত্ব পালনে তিনি বিশ্ববিদ্যালয় পরিবারের সহযোগিতা কামনা করেন।

এএন