দেশে বৈধ চ্যানেলে প্রবাসী আয়ের প্রবাহ অব্যাহত রয়েছে। চলতি জুন মাসের প্রথম ১৪ দিনে প্রবাসী বাংলাদেশিরা ১৫৪ কোটি ১৩ লাখ মার্কিন ডলার (১ দশমিক ৫৪ বিলিয়ন ডলার) রেমিট্যান্স পাঠিয়েছেন, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩০ দশমিক ০৪ শতাংশ বেশি।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১৪ জুন একদিনেই দেশে এসেছে ১৭ কোটি ৯১ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, ২০২৫ সালের জুনের প্রথম ১৪ দিনে দেশে এসেছিল ১১৮ কোটি ৫৩ লাখ ডলার। সে তুলনায় চলতি বছরে একই সময়ে রেমিট্যান্স বেড়েছে প্রায় ৩৫ কোটি ৬০ লাখ ডলার।
এদিকে ২০২৫-২৬ অর্থবছরের (জুলাই-জুন) ১৪ জুন পর্যন্ত মোট রেমিট্যান্স দাঁড়িয়েছে ৩ হাজার ৪২৯ কোটি ৮১ লাখ ডলার (৩৪.৩০ বিলিয়ন ডলার), যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ২ হাজার ৮৬৯ কোটি ১৬ লাখ ডলার (২৮.৬৯ বিলিয়ন ডলার)। ফলে অর্থবছরের প্রথম ১১ মাস ১৪ দিনে প্রবৃদ্ধি হয়েছে ১৯ দশমিক ৫৪ শতাংশ।
সংশ্লিষ্টরা বলছেন, ব্যাংকিং চ্যানেলে প্রণোদনা, হুন্ডি দমনে নজরদারি বৃদ্ধি, বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় স্থিতিশীলতা এবং প্রবাসীদের আয় বৃদ্ধির কারণে রেমিট্যান্স প্রবাহ ইতিবাচক ধারায় রয়েছে।
অর্থনীতিবিদদের মতে, এই প্রবৃদ্ধি বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করা, আমদানি ব্যয় নির্বাহ এবং সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জুনের বাকি সময়ে এই ধারা অব্যাহত থাকলে চলতি অর্থবছরে রেমিট্যান্স আয়ে নতুন রেকর্ড গড়ার সম্ভাবনা রয়েছে।
এম জি