বাণিজ্যমন্ত্রী

বাজেটের পর দ্রব্যমূল্য বাড়ানোর সুযোগ নেই

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুন ১৭, ২০২৬, ০৩:৩৩ পিএম

সরবরাহ পরিস্থিতি সন্তোষজনক থাকায় বাজেটের পর দ্রব্যমূল্য বাড়ানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বুধবার (১৭ জুন) রাজধানীর বাদামতলী পাইকারি চালের বাজার ও নয়াবাজার কাঁচাবাজার পরিদর্শন শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, প্রস্তাবিত বাজেট ঘোষণার পরও চালের পাইকারি ও খুচরা বাজার স্থিতিশীল রয়েছে। তবে নতুন ও পুরাতন চালের দামে কিছুটা তারতম্য থাকলেও কোনো ঊর্ধ্বগতি নেই।

তিনি জানান, চালের সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল এবং বাজারে বিপুল পরিমাণ চাল মজুত রয়েছে। চালের পাশাপাশি অন্যান্য খাদ্যপণ্যের দামও স্থিতিশীল রয়েছে।

এ সময় খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেন, চালের মজুত ও সরবরাহে কোনো ঘাটতি নেই। সরকারের বোরো ধান সংগ্রহ পরিস্থিতিও সন্তোষজনক। বাস্তব পরিস্থিতি যাচাই না করে আতঙ্কিত হওয়ার মতো খবর পরিবেশন করা ঠিক নয়।

এম জি