পে-স্কেল বাস্তবায়ন নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে কোনো ধরনের আলোচনা হয়নি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে অর্থনৈতিক সংস্কার, আর্থিক খাতের উন্নয়ন এবং নতুন ঋণ কর্মসূচি নিয়ে আইএমএফের সঙ্গে হওয়া আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
সোমবার সচিবালয়ে আইএমএফের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, আর্থিক খাতে চলমান সংস্কার, কর আদায়ে প্রবৃদ্ধি এবং সরকারের বিভিন্ন অর্থনৈতিক পদক্ষেপে আইএমএফ সন্তোষ প্রকাশ করেছে। তবে সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল বাস্তবায়নের বিষয়টি আলোচনায় আসেনি।
অর্থমন্ত্রী বলেন, নতুন ঋণ কর্মসূচি নিয়ে এখন পর্যন্ত আলোচনা সন্তোষজনক পর্যায়ে রয়েছে। আইএমএফের নির্ধারিত শর্তগুলো ধাপে ধাপে বাস্তবায়নের মাধ্যমে নতুন কর্মসূচিতে এগিয়ে যেতে চায় সরকার। একই সঙ্গে নতুন রাজনৈতিক সরকারের কার্যক্রম সম্পর্কেও সংস্থাটি ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে বলে জানান তিনি।
এদিন সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নেন আইএমএফ মিশনের প্রধান ইভো ক্রজনারের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল। বৈঠকে সম্ভাব্য নতুন ঋণ কর্মসূচি, অর্থনৈতিক সংস্কার এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
উল্লেখ্য, ২০২৩ সালে আইএমএফের অনুমোদিত ঋণ কর্মসূচির আওতায় বাংলাদেশ পাঁচ কিস্তিতে প্রায় ৩৬৪ কোটি ডলার পেয়েছে। তবে ওই কর্মসূচির প্রায় ২০০ কোটি ডলার এখনও ছাড় হয়নি। দীর্ঘ প্রায় এক বছর আলোচনা চললেও বাকি অর্থ ছাড় না হওয়ায় আগের ঋণ কর্মসূচির পরিবর্তে নতুন করে প্রায় ৪৫০ কোটি ডলারের একটি নতুন ঋণ কর্মসূচিতে যুক্ত হওয়ার উদ্যোগ নিয়েছে বর্তমান বিএনপি সরকার।
এএন