বাড়ল ফার্মের মুরগির দাম

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ০৯:৪০ পিএম

টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়ায় রাজধানীর বাজারে আবারও বেড়েছে ফার্মের মুরগির দাম। ব্যবসায়ীরা বলছেন, খামার থেকে মুরগি আনা ও পরিবহনে সমস্যার কারণে বাজারে সরবরাহ কমেছে। এ পরিস্থিতি অব্যাহত থাকলে আরও কয়েক দিন বাড়তি দামেই মুরগি কিনতে হতে পারে ক্রেতাদের।

মঙ্গলবার সকালে রাজধানীর কারওয়ান বাজার, যাত্রাবাড়ী, টিকাটুলি, পলাশীসহ বিভিন্ন কাঁচাবাজার ঘুরে মুরগির বাজারের এমন চিত্র পাওয়া গেছে।

ব্যবসায়ীরা জানান, গত এক সপ্তাহের ব্যবধানে ফার্মের মুরগির দাম কেজিতে প্রায় ১০ টাকা পর্যন্ত বেড়েছে। বর্তমানে রাজধানীর খুচরা বাজারে ফার্মের মুরগি বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৮০ থেকে ১৮৫ টাকা দরে।

বিক্রেতাদের ভাষ্য, টানা ভারী বর্ষণ ও বিভিন্ন এলাকায় সৃষ্ট জলাবদ্ধতার কারণে খামার থেকে রাজধানীর পাইকারি বাজারে মুরগি সরবরাহে বিঘ্ন ঘটছে। ফলে বাজারে চাহিদার তুলনায় সরবরাহ কমে যাওয়ায় দাম বাড়ছে।

তারা আরও জানান, শুধু পরিবহন সমস্যাই নয়, পাইকারি বাজারেও আড়তদারদের কাছ থেকে বেশি দামে মুরগি কিনতে হচ্ছে। এর প্রভাব পড়ছে খুচরা বাজারে। ফলে বাধ্য হয়ে বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে ফার্মের মুরগি।

এদিকে ফার্মের মুরগির পাশাপাশি বাজারে সোনালি মুরগি, হাঁস ও ডিমের দামেও পার্থক্য দেখা গেছে। রাজধানীর বর্তমান বাজারদর অনুযায়ী, ফার্মের মুরগি প্রতি কেজি ১৮০ থেকে ১৮৫ টাকা, সোনালি বা কক মুরগি ৩২০ টাকা এবং লেয়ার মুরগি ৩৪০ থেকে ৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীরা বলছেন, বৃষ্টি ও জলাবদ্ধতার পরিস্থিতি স্বাভাবিক হলে সরবরাহ ব্যবস্থা আগের অবস্থায় ফিরতে পারে। তবে তার আগে পর্যন্ত বাজারে মুরগির দাম কিছুটা বাড়তি থাকতে পারে।

এএন