টানা বৃষ্টিতে সবজির দামে ‘সেঞ্চুরি’, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুলাই ২২, ২০২৬, ১১:২২ এএম

টানা বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন এলাকার কাঁচাবাজারে সবজির দাম আবারও ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে। সরবরাহ কমে যাওয়ায় অধিকাংশ সবজির দাম ইতিমধ্যে ১০০ টাকার কোঠা ছুঁয়েছে। সবচেয়ে বেশি বেড়েছে কাঁচা মরিচের দাম, যা প্রতি কেজি ২৪০ টাকায় বিক্রি হচ্ছে। সরবরাহ ব্যাহত হওয়ায় মাত্র এক সপ্তাহের ব্যবধানে বেগুন ও শসাসহ বিভিন্ন সবজির দাম কেজিপ্রতি ৪০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে।

বুধবার সকালে রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা যায়, বর্তমানে বাজারে প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ১২০ টাকায়।

এ ছাড়া করলার দাম ১০০ থেকে ১২০ টাকা, পটল ৮০ টাকা, ঢ্যাঁড়স ও ঝিঙা ১০০ টাকা, চিচিঙ্গা ৮০ থেকে ১০০ টাকা এবং শসা ১২০ থেকে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। কয়েক দিন আগের তুলনায় এসব সবজির দাম কেজিপ্রতি ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে। এক সপ্তাহ আগে ৬০ টাকায় বিক্রি হওয়া লাউ এখন বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়।

বাজারে কাঁচা মরিচের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। কয়েক দিন আগেও যে কাঁচা মরিচ ১২০ টাকায় কেনা যেত, তা এখন বাজারে প্রতি কেজি ২৪০ টাকায় খুচরা বিক্রি হচ্ছে। তবে পেঁপের দাম তুলনামূলক কম, প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪০ টাকায়। এ ছাড়া গাজর ১৬০ টাকা, কাঁকরোল ৯০ থেকে ১০০ টাকা এবং টমেটো ১২০ থেকে ১৪০ টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে। পাশাপাশি মিষ্টি কুমড়া পিস ৪০ থেকে ৫০ টাকা, চাল কুমড়া ৬০ থেকে ৮০ টাকা এবং কাঁচা কলা প্রতি হালি ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

মোহাম্মদপুর টাউন হলের এক সবজি ব্যবসায়ী জানান, ভারী বৃষ্টিতে অনেক এলাকায় সবজির খেত পানিতে তলিয়ে যাওয়ায় উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। খেত থেকে সবজি সংগ্রহ করা সম্ভব না হওয়ায় পাইকারি বাজারে সরবরাহ সংকট তৈরি হয়েছে এবং এর প্রভাব পড়েছে খুচরা মূল্যে।

এদিকে বাজারের এই লাগামহীন দামে চরম অসন্তোষ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা। এক ক্রেতা ক্ষোভ প্রকাশ করে জানান, কয়েক দিন আগেও যে সবজি ৬০ থেকে ৭০ টাকায় কিনেছেন, এখন তা ১০০ টাকার কাছাকাছি। বিশেষ করে কাঁচা মরিচের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে।

ব্যবসায়ীদের ধারণা, আবহাওয়া স্বাভাবিক হলে এবং বাজারে সরবরাহ বাড়লে সবজির দাম আবারও কমতে শুরু করবে। তবে বৃষ্টি এভাবে অব্যাহত থাকলে আগামী কয়েক দিন বাজারে দামের চাপ আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

জেএইচআর