নতুন প্রজন্মকে দক্ষ, সৃজনশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার আধুনিক ও সমন্বিত শিক্ষাব্যবস্থা প্রণয়নের কাজ করছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, নতুন ব্যবস্থায় পাঠ্যবইয়ের পাশাপাশি প্রতিটি বিষয়ের জন্য শিক্ষক গাইড, ওয়ার্কবুক, রেমিডিয়াল গাইড এবং ভিডিও লেসনের ব্যবস্থা থাকবে, যাতে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষের ভেতরে ও বাইরে সমানভাবে শেখার সুযোগ পায়।
রোববার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের চারটি নতুন পাঠ্যপুস্তকের কাঠামো চূড়ান্তকরণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ববি হাজ্জাজ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাকে নতুন বাংলাদেশের সবচেয়ে বড় বিনিয়োগ হিসেবে ঘোষণা করেছেন। সেই লক্ষ্য সামনে রেখে সরকার ২০২৮ সালের জন্য যুগোপযোগী, দক্ষতাভিত্তিক এবং আন্তর্জাতিক মানসম্পন্ন জাতীয় শিক্ষাক্রম তৈরির কাজ করছে। বর্তমানে যেসব পাঠ্যবই প্রস্তুত করা হচ্ছে, সেগুলো ভবিষ্যতের পূর্ণাঙ্গ কারিকুলামের সঙ্গে সামঞ্জস্য রেখেই প্রণয়ন করা হচ্ছে।
তিনি বলেন, নতুন কারিকুলামে মুখস্থনির্ভর শিক্ষার পরিবর্তে দক্ষতা অর্জন, সমস্যা সমাধানের সক্ষমতা, নেতৃত্ব, দলগত কাজ, সৃজনশীলতা এবং মানবিক মূল্যবোধের বিকাশে গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি তাত্ত্বিক শিক্ষার চেয়ে ব্যবহারিক শিক্ষাকে বেশি গুরুত্ব দিয়ে বাস্তব জীবনের সঙ্গে শিক্ষার সংযোগ আরও শক্তিশালী করা হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, সংস্কৃতি শিক্ষা ও ক্রীড়া শিক্ষা শিক্ষার্থীদের শারীরিক, মানসিক এবং নৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংস্কৃতি শিক্ষার মাধ্যমে তারা দেশের ইতিহাস, ঐতিহ্য, মূল্যবোধ, জাতীয় পরিচয় এবং সৃজনশীল প্রকাশের সুযোগ পাবে। অন্যদিকে ক্রীড়া শিক্ষা নেতৃত্ব, শৃঙ্খলা, সহমর্মিতা, দলগত কাজ এবং সুস্থ জীবনযাপনের অভ্যাস গড়ে তুলতে সহায়ক হবে।
তিনি জানান, নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে শিক্ষক প্রশিক্ষণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। দেশের প্রায় ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাস্তবতা বিবেচনায় রেখে এমন একটি কারিকুলাম প্রণয়ন করা হবে, যা কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে এবং শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে না।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফখরুল মওলা।
এ ছাড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব, ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষাবিদ, কারিকুলাম বিশেষজ্ঞ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধানরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এম জি