প্রাথমিক বৃত্তিপ্রাপ্তদের জন্য সুখবর, বাড়ছে ভাতা

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুলাই ১২, ২০২৬, ০৪:৪৩ পিএম

প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য আর্থিক সহায়তার পরিমাণ দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। নতুন এই সুবিধা ২০২৬ সালের বৃত্তি পরীক্ষায় নির্বাচিত শিক্ষার্থীদের ক্ষেত্রে কার্যকর হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) শাহীনা ফেরদৌসী এ তথ্য জানিয়েছেন।

বর্তমানে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত একজন শিক্ষার্থী এককালীন ২২৫ টাকা এবং মাসে ৩০০ টাকা করে পেয়ে থাকে। অন্যদিকে, সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা এককালীন ২২৫ টাকা এবং মাসিক ২২৫ টাকা পায়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬ সালের বৃত্তি পরীক্ষা থেকে ট্যালেন্টপুলের শিক্ষার্থীরা এককালীন ৪৫০ টাকা এবং মাসিক ৬০০ টাকা পাবে। একইভাবে সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের এককালীন অনুদান ৪৫০ টাকা এবং মাসিক ভাতা ৪৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, প্রাথমিক পর্যায়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা এই আর্থিক সুবিধা টানা তিন বছর অথবা অষ্টম শ্রেণি পর্যন্ত ভোগ করতে পারবে।

এদিকে, সম্প্রতি প্রকাশিত ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল অনুযায়ী, সারা দেশে মোট ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। এর মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৩২ হাজার ৯৬৫ জন এবং সাধারণ বৃত্তি পেয়েছে ৪৬ হাজার ২৮১ জন। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ছাত্র ৩৫ হাজার ৮৯২ জন এবং ছাত্রী ৪৩ হাজার ৩৫৪ জন।

এম জি