আন্তঃশিক্ষা বোর্ড

পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি থাকলে পূর্ণ নম্বর পাবে পরীক্ষার্থীরা

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ০১:১৪ পিএম

এইচএসসি ও সমমানের পদার্থবিজ্ঞান প্রথম পত্র পরীক্ষার সৃজনশীল অংশের দুটি প্রশ্ন নিয়ে বিভিন্ন মাধ্যমে ওঠা বিতর্কের বিষয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। কমিটি জানিয়েছে, প্রশ্নে ত্রুটি বা অসঙ্গতি প্রমাণিত হলে পরীক্ষার্থীদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট দুটি প্রশ্নের জন্য পূর্ণ নম্বর দেওয়া হবে।

সোমবার (১৩ জুলাই) রাতে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার অনুষ্ঠিত এইচএসসি ও সমমানের পদার্থবিজ্ঞান প্রথম পত্র পরীক্ষার সৃজনশীল অংশের ৬ ও ৭ নম্বর প্রশ্ন নিয়ে বিভিন্ন মাধ্যমে যে বিষয়গুলো উঠে এসেছে, সে সম্পর্কে ঢাকা শিক্ষা বোর্ড অবগত রয়েছে। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পর্যালোচনা করা হচ্ছে।

কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, পর্যালোচনায় যদি সংশ্লিষ্ট প্রশ্নে কোনো ত্রুটি বা অসঙ্গতি পাওয়া যায়, তাহলে প্রচলিত পরীক্ষা মূল্যায়ন নীতিমালা অনুসরণ করে পরীক্ষার্থীদের স্বার্থ পুরোপুরি সংরক্ষণ করা হবে। কোনো শিক্ষার্থী যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজন হলে ওই দুটি প্রশ্নের জন্য পূর্ণ নম্বর প্রদান করা হবে।

একই সঙ্গে এ বিষয়ে কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্যের প্রতি কান না দিতে পরীক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।

এম জি