দেশের অন্যান্য শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। জলাবদ্ধতার কারণে শুধুমাত্র চট্টগ্রাম বিভাগের স্থগিত হওয়া পরীক্ষাগুলো আপাতত নেওয়া হবে না।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু বলেন, পরীক্ষা স্থগিতের বিষয়ে নতুন কোনো নির্দেশনা নেই। সরকার যে সিদ্ধান্ত দেবে, শিক্ষা বোর্ডগুলো তা বাস্তবায়ন করবে। বর্তমানে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, পরীক্ষা নির্ধারিত সূচি অনুসারেই চলবে।
এর আগে সকালে শিক্ষা মন্ত্রণালয়ে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে অনুষ্ঠিত এক অনলাইন সভায় সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে একই সিদ্ধান্ত নেওয়া হয়।
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন, শিক্ষা সচিব আবদুল খালেক, বিভিন্ন বিভাগের বিভাগীয় কমিশনার, শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যান, বিভিন্ন জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।
সভায় মাঠপর্যায়ের কর্মকর্তাদের কাছ থেকে দেশের বিভিন্ন অঞ্চলের পরীক্ষা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়। সেখানে জানানো হয়, জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম বিভাগে পরীক্ষা আয়োজন সম্ভব হয়নি। এ কারণে শুধু ওই বিভাগের পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে। তবে দেশের অন্য সব এলাকায় পরীক্ষা গ্রহণের অনুকূল পরিবেশ রয়েছে। এছাড়া গতকাল একটি কেন্দ্র ছাড়া প্রায় সব পরীক্ষাকেন্দ্রেই নির্বিঘ্নে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলেও সভায় উল্লেখ করা হয়।
সার্বিক পরিস্থিতি পর্যালোচনার পর সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, চট্টগ্রাম বিভাগ ছাড়া দেশের সব শিক্ষা বোর্ডে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী এইচএসসি ও সমমানের পরীক্ষা অব্যাহত থাকবে।
অন্যদিকে, চলমান এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে মঙ্গলবারও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন একদল শিক্ষার্থী। টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির মধ্যে পরীক্ষা নেওয়ার প্রতিবাদ জানিয়ে তারা দুর্যোগ শেষ না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত, ১৩ জুলাই বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা এবং শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ তিন দফা দাবি জানান।
এসব দাবির সমর্থনে রাজধানীর সায়েন্স ল্যাব, উত্তরাসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচিও পালন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
এম জি