ছাত্রশিবিরের জুলাই স্মৃতি মেধা পুরস্কার পেলেন ডিআইইউর ৩ শিক্ষার্থী

আবুল খায়ের, ডিআইইউ প্রকাশিত: জুলাই ২৬, ২০২৬, ০৭:৫১ পিএম

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) তিন শিক্ষার্থী বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ‘৩৬ জুলাই স্মৃতি মেধা পুরস্কার ২০২৬’ অর্জন করেছেন। ক্যাটাগরি ‘বি’তে মেধা তালিকায় স্থান পাওয়া এই তিন শিক্ষার্থী হলেন-ইংরেজি বিভাগের জান্নাতুল মাওয়া (সিজিপিএ ৩.৮৩), সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. হামিম রেজা রাসেল (সিজিপিএ ৩.৯০) এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সিরাতুল মোস্তাকিম সিয়াম (সিজিপিএ ৩.৯৯)।

সম্প্রতি রাজধানীর বসুন্ধরা এলাকার যমুনা ফিউচার পার্কের মহল কনভেনশন হলে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রাইভেট ইউনিভার্সিটি পূর্ব শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে দেশের প্রায় ৩০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়। এর মধ্যে ডিআইইউর এই তিন শিক্ষার্থীও ছিলেন। পুরস্কার হিসেবে তাঁদের পবিত্র কুরআন এবং বিভিন্ন প্রকাশনা সামগ্রী উপহার দেওয়া হয়।

পুরস্কারপ্রাপ্ত ইংরেজি বিভাগের শিক্ষার্থী জান্নাতুল মাওয়া নিজের অনুভূতি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখেন, এ অর্জনের অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। তিনি বলেন, সাধারণ শিক্ষার্থীদের জন্য ছাত্রশিবির এমন একটি উদ্যোগ নেবে, তা তিনি কল্পনাও করেননি। শহীদদের স্মরণে এ ধরনের আয়োজনের জন্য তিনি সংগঠনটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন।

সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. হামিম রেজা রাসেল বলেন, প্রত্যাশার চেয়েও বড় এ অর্জনের জন্য তিনি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছেন। তাঁর ভাষ্য, এই মেধা পুরস্কার তাঁকে বিনয়ী থেকে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে। একই সঙ্গে শিক্ষার্থীদের মেধা বিকাশে উৎসাহ দেওয়ার জন্য তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে ধন্যবাদ জানান।

আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের অনুষ্ঠানে ক্যাটাগরি ‘এ’তে তিনজন শিক্ষার্থী স্বর্ণপদক এবং ক্যাটাগরি ‘বি’তে ৭৮ জন শিক্ষার্থী মেধা পুরস্কার লাভ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা মহানগর উত্তর জামায়াতে ইসলামীর আমির সেলিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিফগাতুল্লাহ সিবগা।

এ সময় পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থী, তাঁদের অভিভাবক, জুলাই আন্দোলনে নিহত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবারের সদস্য, আহত শিক্ষার্থী এবং ছাত্রশিবিরের প্রাইভেট ইউনিভার্সিটি শাখার সাবেক নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এম জি