কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে সংঘটিত ড্রোন হামলায় চারজন বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। একই ঘটনায় আরও কয়েকজন বিদেশি নাগরিক আহত হওয়ার পাশাপাশি একজন নিহত হয়েছেন বলে জানা গেছে।
বুধবার কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, পশ্চিম এশিয়ায় চলমান আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে সাম্প্রতিক সময়ে কুয়েতের আকাশসীমায় একাধিকবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এর ধারাবাহিকতায় বুধবার কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনায় চার বাংলাদেশি আহত হন।
আহতদের ফারওয়ানিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাংলাদেশ দূতাবাস তাদের শারীরিক অবস্থার বিষয়ে নিয়মিত খোঁজখবর রাখছে বলে জানিয়েছে।
এদিকে কুয়েত সরকারের নির্দেশনা অনুযায়ী, রকেট বা ড্রোন হামলার ঘটনা এবং সেগুলো প্রতিহত করার দৃশ্যের ছবি তোলা কিংবা ভিডিও ধারণ করা দেশটির আইনে শাস্তিযোগ্য অপরাধ। এ কারণে কুয়েতে অবস্থানরত বাংলাদেশিদের স্থানীয় আইন মেনে চলার পাশাপাশি এ ধরনের ছবি বা ভিডিও ধারণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার না করার আহ্বান জানিয়েছে দূতাবাস।
একই সঙ্গে দেশটিতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের অনুরোধও জানানো হয়েছে।
এম জি