তারেক রহমানের প্রত্যাবর্তনে ন্যান্সির গান ‘নেতা আসছে’

বিনোদন ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫, ০৮:৫৯ পিএম

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

তার এই বহুল প্রতীক্ষিত প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি সাংস্কৃতিক মাধ্যমেও বইছে নতুন হাওয়া। এই বিশেষ মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে মুক্তি পেয়েছে নতুন গান ‘নেতা আসছে’।

জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি এবং সালমান রাজ এই গানটিতে কণ্ঠ দিয়েছেন। গানটির কথা ও সুরে ফুটে উঠেছে তারেক রহমানের ফেরার আনন্দ এবং তাকে ঘিরে কর্মী-সমর্থকদের আশাবাদের চিত্র। গানের কথাগুলো এমন “নেতা আসছে, নেতা আসছে, মা-মাটি মানুষের কাছে; যেন বাংলাদেশ হাসছে, তার সূর্যসন্তান আসছে।”

গানটির গীতিকার মিজানুর রহমান এবং সুর করেছেন পলক হাসান সুমন। সংগীতায়োজনের দায়িত্বে ছিলেন এ এন ফরহাদ। পুরো আয়োজনের গ্রন্থনা, পরিকল্পনা ও সার্বিক তত্ত্বাবধান করেছেন চিত্রনায়ক হেলাল খান।

বিএনপির অফিশিয়াল ফেসবুক পেজে গানটি প্রকাশের পর থেকেই এটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। নেতাকর্মী ও সাধারণ অনুসারীরা গানটির প্রশংসা করার পাশাপাশি মন্তব্যের ঘরে তারেক রহমানকে স্বাগত জানাচ্ছেন। 

দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তারেক রহমানের প্রত্যাবর্তনকে কেন্দ্র করে এই সাংস্কৃতিক উদ্যোগ তার ফিরে আসাকে আরও উৎসবমুখর ও প্রাণবন্ত করে তুলেছে।

ইএইচ